
বরিশাল নগরের কাশিপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহাগ (২৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ আর মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরের কাশিপুরের পাসপোর্ট অফিস সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন সোহাগ। এ সময় তিনি একটি ট্রাকের চাকায় পিষ্ট হন। পরে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এজে




