
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী-সন্তানসহ তিনজন।
বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুটাখালীর হেতালিয়া পাড়ার মৃত ছাবের আহমদের ছেলে সিএনজিচালক মোহাম্মদ নুরু (৩৫) ও তার শিশু ছেলে মঈনুর খান (৯)।
আহতরা হলেন, সিএনজিচালক মোহাম্মদ নুরুর স্ত্রী ময়তুল জন্নাত (২৫), তার শিশু ছেলে নকিব খাঁন (৫) ও তাদের আত্মীয় নাজির হোসেনের ছেলে নুরুল আলম (২০)।
আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোর্শেদ আলম আরটিভি অনলাইনকে জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার খুটাখালীর গর্জনতলী নতুন মসজিদ এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী সৌদিয়া বাসের সঙ্গে একটি সিএনজির সজোরে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চশরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত সৌদিয়া বাস ও সিএনজি অটোরিকশাটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
জেবি




