
মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে উপজেলার এলাংখালী এলাকার শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইয়াসিন মোল্যা (২১)। নিহতের বোন রাশিদা বেগমকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা উপজেলার মৌশা এলাকার মুজিবুর মোল্যার ছেলে-মেয়ে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে রাশিদা বেগম ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। খবর পেয়ে ছোট ভাই ইয়াসিন তাকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি এলাংখালী এলাকায় শেখ হাসিনা ব্রিজের সংযোগ সড়কের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি ধাক্কা দেয়। এতে ইয়াসিন মোল্যা এবং রাশিদা বেগম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিন মোল্যাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাশিদাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস।
জেবি




