
সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপিতে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল বাছেত (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি তেলকুপি পূর্বপাড়া গ্রামে।
আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ-ধানগড়া সড়কের তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ থেকে একটি লোকাল বাস রায়গঞ্জের ধানগড়ার দিকে যাচ্ছিল। নিহত বাছেত ওই বাসের যাত্রী ছিলেন। বাসটি তেলকুপিতে পৌঁছালে বাছেত বাস থেকে নামার চেষ্টা করে। বাসটির গতি স্লো করলে লাফ দিয়ে নামার সময় সড়কের পাশে রাখা সমিলের গাছের গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ওই বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনায় এক ঘণ্টার মতো ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ওই সড়কের পাশে অবস্থিত সমিলের গাছের গুড়ি সড়ক দখল করে রাখার ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হন অনেকেই।
এজে




