
কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে ক্যানেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলার ওসমানপুর পাম্পহাউজ বাজার এলাকার জিকে ক্যানেলের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুনাহার।
তিনি আরটিভি অনলাইনকে জানান, সারা দেশের মতো কুষ্টিয়াতেও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আজকে ওসমানপুর পাম্পহাউজ বাজার এলাকায় জিকে ক্যানেলের জায়গা দখল করে থাকা ২০-২৫টি দোকান ঘর ও অন্তত ছয়টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। র্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে এসকোভেটার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এর আগেই সংশ্লিষ্টদের উচ্ছেদ অভিযান সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। এছাড়াও এলাকায় মাইকিং করা হয়।
কুষ্টিয়ার জিকে কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, শুধুমাত্র জিকে সেচ প্রকল্পের প্রধান খালের জায়গা দখল করে ১৬শ’ অবৈধ স্থাপনা এবং শাখা খালের জায়গা দখল করে আরও কয়েকশ’ অবৈধ স্থাপনা গড়ে ওঠেছে।
জেবি




