
ঢাকার দোহারের ৭০ বছরের বৃদ্ধা আয়েশা বেগমকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন রাজন খাঁ, শাহনাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফজল।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর দোহার থানার সূতারপাড়া গ্রামে আসামিরা পূর্বপরিকপ্লিতভাবে আয়েশা বেগমকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তার সোনার গহনা ও কানের দুল নিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। এরপরদিন বৃদ্ধার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় বৃদ্ধার ছেলে দোহার থানায় একটি মামলা করেন। পরে দোহার থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন।
এসএস




