
রাজধানীর গুলিস্তানে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিশু জিদান হত্যার মূল হত্যাকারী আবু বক্করকে সদর ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেল ৪টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এই হত্যাকাণ্ডের পর ওই মাদরাসার অন্য শিক্ষার্থী আবু বক্করের (১৬) নাম সন্দেহের তালিকায় ওঠে আসে। প্রাথমিক তদন্তে পুলিশের প্রথম সন্দেহ আবু বক্করেই ছিল।
পুলিশ জানায় মুখ বেঁধে হত্যার পর জিদানের মরদেহ কোলে করে ম্যানহোলে ফেলে মাদরাসার গেটের পাশের বেড়া ছিঁড়ে পালিয়ে যায় আবু বক্কর।
আবু বক্করের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার কালিকাফুর গ্রামে বলে জানিয়েছে তার চাচাতো ভাই মো. ঈসমাইল।
এ হত্যাকাণ্ডের পর মাদরাসার ৪ শিক্ষার্থীকে পল্টন থানায় নিয়ে গেছে পুলিশ। তারা হলেন হেফজের শিক্ষার্থী মো. রাফিউল, মো. হাবিবুল্লাহ, মো. রিয়াজ এবং হাফেজ পাশ ওমর ফারুক। এ ছাড়াও কয়েকজন শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এসএস




