
জালিয়াতি ও প্রতারণা মামলায় নরসিংদীর ভূমিদস্যু আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয়। সিআইডি পুলিশ তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করেছে। শুক্রবার বিকেলে আতাউর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইন উদ্দিন কাদের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার এসএম রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আতাউরের সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আদালত আগামী রোববার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।
গেপ্তারকৃত আতাউর রহমান নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। সে পুলিশের কাছে নিজেকে সুইডেন আওয়ামী লীগের সভাপতি দাবি করেন।
সিআইডি পুলিশ জানায়, আতাউর রহমান নরসিংদী কুখ্যাত ভূমিদস্যু। ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে নরসিংদীতে শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের জমি দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে শতকোটি টাকা মূল্যের নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোল্লা স্পিনিং মিল সস্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে দখল করে নিয়ে সুইডেন-বাংলা টেক্সটাইল নামকরণ করে পরিচালনা করছে। এই ঘটনায় ২০১৭ সালে ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক।
ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহম্মদ বেলাল হোসেন বাদী হয়ে দায়ের করা মামলার দখলদার উচ্ছেদের দাবি জানানো হয়। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও সুইডেন আতাউরের নানা তদবিরে তা বাধাগ্রস্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডিতে স্থানান্তর হয়। দীর্ঘ তদন্ত করে সিআইডি বৃহস্পতিবার রাত ৯টায় তাকে ঢাকার মালিবাগ থেকে গ্রেপ্তার করে।
সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত আতাউরকে জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
পি




