দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১১ মার্চ) থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু দুটি।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভরিপ্রতি সোনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম বাড়ানো হয়েছে ১৭৫ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়।
এর আগে গত ৯ মার্চ বড় ব্যবধানে সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেট সোনা ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায় নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এদিকে সোনার সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ২৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৯ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার; যার মধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ৩ বার।
আরটিভি/এসকে




