
তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর আবারও টানা দরপতন লক্ষ্য করা যাচ্ছে সোনার বাজারে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৫৮০ দশমিক ১৯ ডলারে নেমে এসেছে মূল্যবান হলুদ ধাতুটির দাম।
শুক্রবার (২৮ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
এর আগে, গত মঙ্গলবার (২৫ আগস্ট) তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৬৯৬ দশমিক ১৮ ডলারে উঠেছিল প্রতি আউন্স সোনার দাম। পরে বুধবার তা কমে নেমে আসে ৪ হাজার ৬১৬ ডলারে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা ৩৩ দশমিক ৭ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে তা বাড়ার সম্ভাবনা ৭৪ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত সম্পদ হিসেবে সোনার ভূমিকা থাকলেও সুদের হার বেশি থাকলে এর আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ, সোনা কোনো সুদ বা আয় দেয় না।
ওসিবিসির মূল্যবান ধাতু কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, বিনিময়-বাণিজ্যভিত্তিক তহবিল ও ফিউচারসে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়া, যুক্তরাষ্ট্রের আর্থিক বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ এবং সরকারি খাতের ধারাবাহিক স্বর্ণ কেনার কারণে এর দাম এখনও সমর্থন পাচ্ছে। তবে, দামের নিম্নমুখী সমন্বয়ের ঝুঁকি রয়েছে।
সোনার পাশাপাশি অন্যান্য ধাতুর দামও কমে গেছে শুক্রবার। এর মধ্যে স্পট রুপার ক্ষেত্রে দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্সের দাম নেমে গেছে ৬৮ দশমিক ৮৫ ডলারে। এছাড়া, প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ ডলারে এবং প্ল্যাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৮৪০ দশমিক ৭৮ ডলারে নেমে গেছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকায় বেচাকেনা হচ্ছে বর্তমানে।
আরটিভি/এসএইচএম



