
শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা থামছে না। এতে তৈরি পোশাকশিল্প এখন বড় ধরনের চাপের মুখে। পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধের পথে হাঁটতে পারেন মালিকেরা। এ বিষয়ে তারা নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে শ্রমিকদের কর্মসংস্থান ও আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে বিদেশি ক্রয়াদেশ, রপ্তানি আয় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের অবস্থান নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। মালিক ও শ্রমিকের মধ্যে চলমান মতপার্থক্য আলোচনার মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, সেটিই এখন বড় প্রশ্ন।
ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করছেন মালিকরা। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র কার্যালয়ে অনুষ্ঠেয় জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থান নিতে পারে। এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের পাশাপাশি, মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানিয়েছেন, বৈঠকে উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী ২১০টি কারখানা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবারের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, মজুরি নিয়ে আলোচনা চলার পাশাপাশি, কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সভায় সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। মজুরি বোর্ডের সভায় আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।
এদিকে শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়েও কাজে অংশ নেননি। কেউ কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন, আবার কেউ কর্মবিরতি পালন করেছেন। কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।
এরই মধ্যে সাভার ও আশুলিয়ার সাতটি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অরুণিমা গ্রুপের তিনটি, নিউএজ গ্রুপের তিনটি এবং জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের একটি কারখানা রয়েছে।
শ্রম আইনের ১৩(১) ধারায় কী বলা আছে
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে পারেন। এ ধরনের বন্ধের সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
অর্থাৎ ধারাটি কার্যকর হলে কাজ না থাকলে মজুরিও থাকবে না। এ কারণেই শ্রমিকদের জীবিকার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্দোলনের পটভূমি: ৩০ হাজার টাকার দাবি
কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাঁদের মূল দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। আন্দোলনের সময় কিছু কারখানায় ভাঙচুর হয়েছে, সড়ক অবরোধ হয়েছে এবং উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা তৈরি হয়েছে।
শ্রমিকদের এই দাবি নতুন কিছু নয়। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়। সে বছর এপ্রিলে মজুরি বোর্ড গঠন হয়েছিল এবং সাত মাস আলোচনার পর খসড়া চূড়ান্ত হয়। বর্তমান দাবি ওই মজুরির প্রায় ২ দশমিক ৪ গুণ।
এখন পর্যন্ত যা ঘটেছে
আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বোর্ডে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা আছেন। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
৪ নভেম্বর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে প্রথম সভা হয়। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন যে ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো ঠিক করা হবে এবং শ্রমিকেরা তা জানুয়ারি থেকে পাবেন।
৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।
প্রস্তাবের মূল দিকগুলো হলো:
সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা।
নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা।
গ্রেডভিত্তিক প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার ও চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা।
সভার আগে পোশাকখাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের পাঁচটি জোট চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়। সেখানে ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। তাদের যুক্তি ছিল, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা বিবেচনায় নতুন কাঠামো জরুরি।
মালিকপক্ষ ওই সভায় কোনো প্রস্তাব দেয়নি। বিশৃঙ্খল পরিস্থিতির কারণ দেখিয়ে তারা সময় চেয়েছে। বোর্ড তাদের চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দিতে বলেছে। চেয়ারম্যান জানিয়েছেন, মালিকপক্ষ প্রস্তাব না দিলেও ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো চূড়ান্ত করা হবে।
আরটিভি/টিআর



