
শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় আশুলিয়ার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পথে হাঁটছেন মালিকেরা। বুধবার জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠেয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
চলমান শ্রমিক আন্দোলনের জেরে বুধবার (১১ নভেম্বর) আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
বৈঠকে শিল্পমালিকেরা এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ নভেম্বর (শনিবার) সব সদস্যের অংশগ্রহণে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছেন।
কারখানামালিকেরা বলছেন, শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ করছেন না। কেউ কেউ হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে কিছু কারখানায় প্রায় দুই সপ্তাহ ধরে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে কয়েকটি কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দিয়েছেন।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক শোভন ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি একটি গণমাধ্যমকে বলেন, সভায় উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী, আশুলিয়াসহ শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি কারখানার মালিক শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন। আগামী শনিবার সব সদস্যকে নিয়ে সভা হবে। ওই সভায় কারখানা বন্ধের এ সিদ্ধান্ত জানানো হবে।
আশুলিয়াসহ সাভারের বিভিন্ন এলাকায় হা-মীম, নিউ এজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোসহ বেশ কয়েকটি বড় পোশাক কারখানা রয়েছে। বিজিএমইএর সূত্র অনুযায়ী, এসব এলাকার কারখানাগুলোতে প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন।
বৈঠকে উপস্থিত বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ বলেন, একদিকে কারখানায় শ্রমিকেরা কাজ করছেন না, ভাঙচুর করছেন। অন্যদিকে মজুরি নিয়ে আলোচনা চলছে। দুটি একসঙ্গে চলতে পারে না।
তিনি বলেন, কোনো কোনো কারখানায় গত ১১ দিন ধরে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তারা শ্রমিকদের বেতন কীভাবে দেবে?
এর আগেও শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের উদ্যোগ নিয়েছিল বিজিএমইএ। তবে সরকারের পক্ষ থেকে কারখানা চালু রাখার অনুরোধ জানানো হলে মালিকেরা তা চালু রাখেন। এর মধ্যে নতুন মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর করার ঘোষণাও দেওয়া হয়।
এরপর গাজীপুর, রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জের মতো এলাকায় শ্রমিকেরা কাজে ফিরলেও আশুলিয়াসহ সাভারের কিছু এলাকায় অসন্তোষ কমেনি।
এ পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার দাবিতে বিজিএমইএর ওপর চাপ বাড়াতে থাকেন কারখানা মালিকেরা।
শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিকদের অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে নিয়োগকর্তা সংশ্লিষ্ট বিভাগ বা প্রতিষ্ঠান আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারেন। এ ধরনের বন্ধের সময় শ্রমিকদের মজুরি পাওয়ার ক্ষেত্রে আইনে নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতা রয়েছে।
এদিকে কারখানা বন্ধ হলে চলমান রপ্তানি ক্রয়াদেশের পোশাক উৎপাদন নিয়ে উদ্বেগ রয়েছে শিল্পমালিকদের মধ্যে।
শোভন ইসলাম জানান, অন্য কারখানায় আগে থেকেই ক্রয়াদেশের চাপ থাকা এবং কমপ্লায়েন্সসংক্রান্ত বাধ্যবাধকতার কারণে চাইলেই যেকোনো কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব নয়।
তিনি বলেন, চাইলেই সাবকন্ট্রাক্ট ব্যবস্থায় উৎপাদন করা যাবে না। ফলে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হতে পারে। এমনকি ক্রয়াদেশ বাতিলও হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক নেতা বলেন, বুধবারও আশুলিয়াসহ সাভারের বিভিন্ন এলাকায় ১৪০টির বেশি কারখানায় শ্রমিকেরা কাজ না করায় উৎপাদন বন্ধ ছিল। সকাল সাড়ে ১১টা পর্যন্ত উৎপাদন বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫০টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা বেড়েছে।
তবে গাজীপুর, রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জ এলাকায় নতুন করে উল্লেখযোগ্য শ্রমিক অসন্তোষ কিংবা কারখানা বন্ধের খবর পাওয়া যায়নি।
আরটিভি/এমএম


