
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও টানা পতনের মুখে আছে সোনার বাজার। সবশেষ গতকাল বৃহস্পতিবারও দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে টানা ৭ দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমে গেছে মূল্যবান হলুদ ধাতুটির দাম।
এর ফলে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সারা দেশে এই দরেই বিক্রি হচ্ছে সোনা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
এর আগে, গত ১৮ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
এছাড়া, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
সব মিলিয়ে দেশে টানা সাত দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে সোনার দাম।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।
আরটিভি/এসএইচএম


