ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

বাসস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: সংগৃহীত

তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে এখন স্বাভাবিক রয়েছে কর্মপরিবেশ। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. ইসরাইল হাওলাদার শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দেশের শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে নিয়মিত উৎপাদন কার্যক্রম চলছে। গাজীপুরের বাংলাবাজার ও শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সামগ্রিকভাবে গাজীপুরসহ দেশের অন্যান্য শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে।

ইসরাইল হাওলাদার বলেন, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি বেশ কয়েক দিন ধরেই ভালো। গাজীপুরে গত কয়েক দিন কিছুটা সমস্যা থাকলেও শনিবার পরিস্থিতির উন্নতি হয়েছে। নারায়ণগঞ্জসহ অন্যান্য শিল্পাঞ্চলেও তেমন কোনো সমস্যা নেই। সব মিলিয়ে দেশের পোশাক কারখানাগুলোতে কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।

দেশে পোশাক কারখানার সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি উল্লেখ করে তিনি বলেন, এত বিপুলসংখ্যক কারখানার মধ্যে দু-চারটি বা কয়েকটিতে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ কিংবা ছুটির ঘটনা ঘটতে পারে। বেতন পরিশোধে বিলম্ব কিংবা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বছরের বিভিন্ন সময় কিছু কারখানায় এ ধরনের ঘটনা ঘটে থাকে। এটি শিল্প খাতে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্নভাবে ঘটে। তাই কয়েকটি কারখানার এমন ঘটনাকে সামগ্রিক শিল্প পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমানে তৈরি পোশাকশিল্পে সামগ্রিকভাবে স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছেন এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে মাত্র ২০ দিনের মধ্যে চারটি সভায় নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।

গত ২৫ নভেম্বর ভোরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ। দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা প্রায় ৪০ শতাংশ।

তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা প্রায় ৪২ শতাংশ। আর চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।

সরকারের দ্রুত উদ্যোগে মজুরি বোর্ড গঠন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা এবং অল্প সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা পোশাকশিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন মজুরি ঘোষণার পর শ্রমিকদের কাজে ফেরা এবং অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হওয়া দেশের তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশের ইতিবাচক অগ্রগতিরই প্রতিফলন।

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এলএনজি আমদানিতে ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি
এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিতে সরকারকে বিপুল আর্থিক চাপ বহন করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ভর্তুকি দিতে হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। তিনি বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ- জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকির কারণে রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। তাই আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে আজ সম্মেলন শুরু হয়েছে। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে শুরু করে উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানি ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ সম্ভাবনা কাজে লাগাতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বাড়বে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে নয়, বরং জাতীয় জ্বালানি ব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ।  অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম। তিন দিনের এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হবে। ২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালে। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। আরটিভি/এসআর
এলএনজি আমদানিতে ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি
দেশের বাজারে আরেক দফা বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা (ভ্যাটসহ)। এর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। 
দেশের বাজারে আরেক দফা বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা (ভ্যাটসহ)। এর ফলে টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ল ভরিতে ২ হাজার ১০০ টাকা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
রয়টার্সের প্রতিবেদন / বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত
শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা ও এইচঅ্যান্ডএমসহ বিশ্বের নামিদামি পোশাক ব্র্যান্ডগুলো।
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত
আরও পড়ুন
পাঁচ জেলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা
কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা