
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম ভবনের পঞ্চম তলার ৫০৪নং কক্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের (বিএমবি) ২০১৮-১৯ সেশনের মাহফুজুল হক ও একই সেশনের রুবিনা রাহা।
দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাহফুজুল হক মাথায় এবং রুবিনা রাহা হাতে আঘাত পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকার বলেন, বৈদ্যুতিক পাখা খুলে পড়ে আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। তখন আমি পাশের কক্ষে ক্লাস নিচ্ছিলাম। আমাদের বিভাগের ক্লাস রুম সংকট রয়েছে, তাই আমাদের এক ম্যাডাম অন্য বিভাগে শ্রেণিকক্ষে ক্লাস টেস্ট নিচ্ছিলেন, নেওয়া শেষে এই ঘটনা ঘটে।




