
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ওবায়দুর রহমান (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় পিলারের আঘাতে তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি (ইনচার্জ) অফিসার মো. আবদুস সালাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত নির্মাণশ্রমিক ওবায়দুর রহমানের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানায়।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন তিনি। এ সময় যন্ত্রাংশ দিয়ে পিলারের অবশিষ্টাংশ কাটার সময় পিলারের বড় একটা অংশ তার শরীরের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মনিরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে।




