
বিশ্বকাপ উন্মাদনায় মত্ত এখন সারাদেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) এর ব্যত্যয় ঘটেনি। কাতার বিশ্বকাপের শুরু থেকেই ক্যাম্পাসে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। এবারের আসরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সমর্থন করা দল নিয়ে ক্যাম্পাসে কেন্দ্রীয় কমিটিসহ প্রায় প্রতিটি বিভাগ, হল ও ফ্যাকাল্টি কমিটি গঠন করেছে। যা রীতিমতো সাড়া ফেলেছে ক্যাম্পাসে।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার খেলাকে নিয়ে ক্যাম্পাস-জুড়ে চলছে টান টান উত্তেজনা।
শিক্ষার্থীরা জানান, ফাইনাল খেলাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ও ব্রাজিল ফ্যানস ক্লাব এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। এতে ট্রাই-বেকারে ব্রাজিল ফ্যানস ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। খেলায় জয়ী হওয়ায় এবং ফাইনাল খেলায় আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে রোববার দুপুর ১২টায় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করে শোভাযাত্রা করে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। এ ছাড়া আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলাকে উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বসানো হয়েছে এলইডি পর্দা।
এবারের বিশ্বকাপ আসরের শুরু থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে রাতভর ভিড় করেন শিক্ষার্থীরা। রাতের ক্যাম্পাসের নিস্তব্ধতা ঘুচে দিয়েছে খেলা উপভোগকারী শিক্ষার্থীদের হৈ-হুল্লোড় আর কোলাহল। কখনো আবার পছন্দের দল জিতে গেলে হুট করে ক্যাম্পাস কেঁপে ওঠে চিৎকারে।
মেসি এবারে বিশ্বকাপ ঘরে নিয়েই ফিরবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস্ ক্লাবের সভাপতি আসাদুল্লাহ-হিল-গালিব। তিনি বলেন, আমরা চাই মেসির হাতে অন্তত একটা কাপ উঠুক। আর আমাদের প্রজন্মরা আর্জেন্টিনাকে একটা কাপ নিতে দেখুক। কাতার থেকে মতিহার পর্যন্ত আর্জেন্টিনার সমর্থকদের যে উন্মাদনা সেটি টিকে থাকুক। আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ জিতলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করব।
বিশ্বকাপের ফাইনাল খেলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল ফ্যানস্ ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাসিব বলেন, প্রত্যাশা ছিল ব্রাজিল এবারে ‘হেক্সা মিশন’ পূরণ করবে। কিন্তু সেটা হয়নি। একজন ব্রাজিল সমর্থক হিসেবে আমি এবারের বিশ্বকাপের ফাইনাল খেলায় মেসি ও এমবাপ্পের খেলাটাই শুধু উপভোগ করব। আশা করি তারা দুজনে ভালো খেলবে। কোন দলের হাতে বিশ্বকাপ দেখতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রাজিল যেহেতু নেই, তাই কাপ নিয়ে আমি তেমন ভাবছি না।




