
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান গেইটের পাশে সবুজ বাংলা রেস্তোরাঁর ওয়েটার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠেছে। এ নিয়ে রেস্তোরাঁর সামনে উত্তেজনা সৃষ্টি হয়।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেস্তোরাঁর ভেতরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবুজ বাংলা রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় শৈশব আহমেদ নামের এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করেন ওই রেস্তোরাঁর এক ওয়েটার। একপর্যায়ে ওই শিক্ষার্থীর গায়ে হাত তোলেন ওই ওয়েটার। এ বিষয়ে জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং সবুজ বাংলা রেস্তোরাঁ বন্ধ করার দাবি জানান। একইসঙ্গে অভিযুক্ত ওই ওয়েটারকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
ঘটনার বিষয়ে শৈশব আহমেদ বলেন, সবুজ বাংলায় ভাত খেতে যাই। খাবার দেওয়ার জন্য ওয়েটারকে অনেকবার ডাকলেও আমার কথা শুনেনি। পরবর্তীতে সে আমার সঙ্গে কথা-কাটাকাটি ও দুর্ব্যবহার করে। একপর্যায়ে সে আমার গালে চড় মারে।
এদিকে ঘটনা জানাজানির পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনা জানার পরই প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের সঙ্গে কথা বলি। আমরা দ্রুতই তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করব। এর আগ পর্যন্ত রেস্তোরাঁ বন্ধ থাকবে।
এ বিষয়ে জানতে রেস্তোরাঁর মালিক আবুল হোসেনের মোবাইলে ফোন দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।




