
এ বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে এসএসসি পরীক্ষাকে নকলমুক্ত রাখতে এবার শিক্ষা বোর্ড প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে।
বুধবার (২৫ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভিতে ধারণকৃত সকল রেকর্ড প্রতি ০৭ (সাত) দিন পর পর ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) (deputycontroller.ssc@ gmail.com) ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ([email protected]) উল্লিখিত ই-মেইলে প্রেরণ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এমআই




