
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম স্কাইফল’।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি হয়।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৫০টি দল অংশ নেয়। প্রাথমিক দুই ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ১০টি দল। ফাইনালে ‘টিম ভংচং’ প্রথম রানারআপ এবং ‘টিম নেক্রস’ দ্বিতীয় রানারআপ হয়।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন ডাবর বাংলাদেশের কমার্শিয়াল প্রফেশনাল মো. আবদুল কাইয়ুম ফাহিম, আকিজ ভেঞ্চার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) ও জেএনইউসিসির সাবেক সভাপতি জামশেদ আমিন, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আরাফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার নাইমুর রহমান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় বিজয়ী ও চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার বরাদ্দ ছিল। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ লাখ টাকা, প্রথম রানারআপ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া অন্য সাতটি দলকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।
প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, দীর্ঘ বিরতির পর ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’-এর আয়োজন ক্লাবকে নতুন মাত্রায় নিয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা জানান তিনি।
তিন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যার সমাধান করতে হয়। দ্বিতীয় পর্বে নির্ধারিত পণ্যের প্রচারের জন্য অনলাইন ভিডিও বিজ্ঞাপন (ওভিসি) তৈরি করেন প্রতিযোগীরা। চূড়ান্ত পর্বে নির্বাচিত ১০টি দল বিচারকদের সামনে নিজেদের কেসের সমাধান ও উপস্থাপনা তুলে ধরে।
ফাইনালে অংশ নেওয়া অন্য দলগুলো হলো—টিম ডাল-ভাত, টিম এলটিবি, টিম মিউফিয়াস, গ্রুপিং করতেছি না, এপেক্স সিন্ডিকেট, ফিটকিরি ও টিম নেপচুন। দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের উপস্থাপনার পাশাপাশি ক্লাবের প্রামাণ্যচিত্র প্রদর্শন, অতিথিদের বক্তব্য, প্রেসিডেন্সিয়াল প্যানেলকে ক্রেস্ট প্রদান ও যৌথ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আরটিভি/টিআর


