প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল

আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৯:৪৬ পিএম


প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল
ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ার পর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত এএস লেভেলের (এ লেভেলের অংশ) ‘ম্যাথমেটিকস পেপার ১২’ পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে কেমব্রিজ ইন্টারন্যাশনাল জানায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে উঠে এসেছে। ফলে পরীক্ষাটির ফলাফল চূড়ান্ত মূল্যায়নে ব্যবহার করা সম্ভব নয়।

কেমব্রিজের সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনিক জোন ৩ ও ৪-এর আওতাভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের আগামী ৯ জুন বিকল্প প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে। এ জন্য শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না।

বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে এই পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিবৃতিতে কেমব্রিজ জানায়, মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং সব পরীক্ষার্থীর প্রতি ন্যায্যতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের ভাষ্য অনুযায়ী, বিকল্প প্রশ্নপত্রের মাধ্যমে নেওয়া পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য হবে।

তবে পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ অপরিবর্তিত থাকবে। আগামী ১১ আগস্ট ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কেমব্রিজ। এছাড়া পুনঃপরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রশ্নোত্তর আগামী ১৫ মের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলোকে পাঠানো হবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছে কেমব্রিজ কর্তৃপক্ষ। বোর্ড জানিয়েছে, গোপন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আজীবন বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission