
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের জন্য আবেদন ফরম পূরণ এবং ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, পরীক্ষার্থীরা ১৩ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। পাশাপাশি ইনকোর্স ও উপস্থিতির নম্বর এন্ট্রির সময়ও বাড়িয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ করা যাবে ২৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ফরম পূরণের পর ডাটা এন্ট্রি নিশ্চয়নের জন্য ১৪ ও ১৫ ডিসেম্বর সময় নির্ধারণ করা হয়েছে। এ প্রক্রিয়া শেষ করতে হবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। অন্যদিকে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে, অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়িয়ে ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষায় অংশ নিয়েছেন, তারাও এ সময়ের মধ্যে নম্বর এন্ট্রির সুযোগ পাবেন।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে ভুলভাবে এন্ট্রি করা ইনকোর্স নম্বর নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করা যাবে। তবে কোনো শিক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না হলে ফরম পূরণের সম্ভাব্য তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সময় বাড়ানো হলেও আগের প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে।
আরটিভি/এমএম




