
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে।




