ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির পর এবার উত্তপ্ত ঢাকা কলেজ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার পর বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মহড়া দেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কলেজ শাখা শিবিরের অফিস সম্পাদক আবদুল মালেকের নেতৃত্বে ৫ থেকে ৬ জন সদস্য গ্যালারি সাজানোর কাজ করছিলেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশাররফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে অতর্কিতে মালেকসহ অন্যদের ওপর হামলা চালান।’

আরও পড়ুন

শিবির নেতার দাবি, আবদুল মালেকের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী বলেন, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিপুলসংখ্যক বহিরাগত কর্মী জড়ো হন। এ সময় তারা সাধারণ ছাত্রদল কর্মীদের উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করেন এবং এক ছাত্রদল কর্মীকে মারধর করেন।

তিনি আরও জানান, বহিরাগতদের হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন। এতে শিবিরের কর্মীরা পুনরায় চড়াও হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের জেরে উপাচার্য ভবনে তালা, সেই সঙ্গে বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও।
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন? তিনি আরও বলেন, অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স দেবে পূবালী ব্যাংক, থাকছে বিশেষ ব্যাংকিং সুবিধা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টারের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় স্টুডেন্ট ফাইল খোলা, টিউশন ফি ও শিক্ষা ব্যয় পাঠানো এবং শিক্ষা ঋণসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স দেবে পূবালী ব্যাংক, থাকছে বিশেষ ব্যাংকিং সুবিধা
অর্ধেক পদ শূন্য, জনবলসংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘদিন ধরে প্রকৌশলী সংকট চলছে। অনুমোদিত পদের অর্ধেকই শূন্য। একের পর এক প্রকৌশলীর অবসরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কোনো কোনো ক্ষেত্রে একজন প্রকৌশলীকে একসঙ্গে চারজনের কাজ করতে হচ্ছে। ফলে সীমিত জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ সামলাতে হিমশিম খাচ্ছে প্রকৌশল দপ্তর। এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি ও দৈনন্দিন কারিগরি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, দপ্তরে প্রকৌশলীর অনুমোদিত পদ ২২টি। এর বিপরীতে কর্মরত আছেন ১১ জন। শূন্য রয়েছে বাকি ১১টি পদ। এর মধ্যে সিভিল প্রকৌশলীর অনুমোদিত সাতটি পদের একটিতেও কেউ কর্মরত নেই। ইলেকট্রিক্যাল প্রকৌশলীর একটি পদও শূন্য। এ ছাড়া ওয়ার্ক এক্সটেনশন শাখায় মাঠপর্যায়ে কাজ করা প্রকৌশলীদের সাতটি পদ খালি রয়েছে। দপ্তর-সংশ্লিষ্টরা বলছেন, প্রকৌশলী সংকট দীর্ঘদিনের। প্রায় এক যুগ ধরে প্রয়োজন অনুযায়ী নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে শূন্য পদের সংখ্যা বেড়েছে। এর মধ্যে গত কয়েক বছরে কয়েকজন প্রকৌশলী অবসরে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। একজন সামলাচ্ছেন একাধিক সাইট প্রকৌশল দপ্তরের কাজের পরিমাণের তুলনায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রকৌশলীর সংখ্যা খুবই কম। দপ্তর সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের মাত্র পাঁচজন প্রকৌশলীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ তদারকি করতে হচ্ছে। তাদের একজনকে একসঙ্গে প্রায় ৯৫টি সাইটের কাজ দেখতে হচ্ছে। শুধু মাঠপর্যায়ের কাজ নয়, দাপ্তরিক ফাইলের চাপও রয়েছে প্রকৌশলীদের ওপর। দপ্তরে ফার্নিচার-সংক্রান্ত ৮৮টি, রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত ২৪৭টি এবং ইলেকট্রিক্যাল কাজের প্রায় ১৫০টি ফাইল রয়েছে। এসব কাজের নকশা প্রণয়ন, প্রাক্কলন তৈরি, কারিগরি অনুমোদন, পরিদর্শন ও বাস্তবায়ন তদারকির দায়িত্বও প্রকৌশলীদের পালন করতে হয়। দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, কাজের পরিমাণ বিবেচনায় কোনো কোনো প্রকৌশলীকে একসঙ্গে প্রায় চারজনের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে কাজের স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। সামনে সংকট আরও বাড়ার আশঙ্কা বর্তমান সংকটের মধ্যেই নতুন করে অবসরের কারণে জনবল কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দপ্তরের আরেক প্রকৌশলী আবুল কাশেমও অবসরের দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পানি সরবরাহ ও সংশ্লিষ্ট অবকাঠামোর কাজের সঙ্গে যুক্ত। তার অবসরের পর এ খাতে সংকট আরও প্রকট হতে পারে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন, হলসহ বিভিন্ন স্থাপনার নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রকৌশল দপ্তরের। এ ছাড়া পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজও এ দপ্তরের মাধ্যমে হয়ে থাকে। ফলে প্রকৌশলী সংকটের প্রভাব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামোগত কার্যক্রমে পড়ছে। নাম প্রকাশ না করার শর্তে প্রকৌশল দপ্তরের একজন কর্মকর্তা বলেন, আগেও প্রকৌশলী সংকট ছিল। কিন্তু কয়েকজন অবসরে যাওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। কাজের তুলনায় প্রকৌশলী কম থাকায় প্রত্যেকের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল না বাড়ালে চলমান কাজগুলো সময়মতো তদারকি করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে একসঙ্গে অনেকগুলো সাইটের কাজ দেখতে হওয়ায় প্রকৌশলীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রম সম্প্রসারিত হলেও সে অনুযায়ী প্রকৌশলীর পদ বাড়েনি। নতুন ভবন নির্মাণের পাশাপাশি পুরোনো স্থাপনার রক্ষণাবেক্ষণের কাজও বাড়ছে। অথচ পুরোনো জনবলকাঠামো অনুযায়ীও প্রয়োজনীয়সংখ্যক প্রকৌশলী নেই। এ বিষয়ে প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অবকাঠামো সম্প্রসারিত হলেও প্রকৌশল দপ্তরের জনবল বাড়েনি। বিশেষ করে সিভিল প্রকৌশল শাখায় প্রয়োজনীয় পাঁচজন প্রকৌশলীর ঘাটতি রয়েছে। সীমিত জনবল দিয়ে দপ্তরের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। জনবলসংকটের বিষয়টি ইতিমধ্যে উপাচার্যকে জানিয়ে প্রয়োজনীয় নিয়োগের দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, শীতকালে বিভিন্ন বিভাগের অনুষ্ঠান, গেট-টুগেদার ও খেলাধুলাসহ নানা আয়োজন বেড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ ও কারিগরি সেবা নিশ্চিত করতে বাড়তি চাপ তৈরি হয়। অথচ বিদ্যুৎ শাখায় মাত্র দুজন কর্মী দিয়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করাতে হচ্ছে। প্রকৌশল দপ্তরে সবচেয়ে বেশি সংকট বিদ্যুৎ ও পানি শাখায়। এ দুই সেবায় বিঘ্ন ঘটলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব পড়ে। বর্তমানে প্রয়োজনীয় জনবলের মাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ নিয়ে দপ্তরের কার্যক্রম চালাতে হচ্ছে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রকৌশল দপ্তরের জনবলসংকটের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও কার্যক্রমের পরিধি বাড়লেও প্রয়োজন অনুযায়ী প্রকৌশলী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই শূন্য পদগুলোতে প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। আরটিভি/টিআর
অর্ধেক পদ শূন্য, জনবলসংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল
‘লীগ পেলে আগে পেটাব, তারপর পুলিশে সোপর্দ করব’—কুবি ছাত্রদল আহ্বায়ক