
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেছেন, এই ক্যাম্পাসের আশপাশে কিংবা ক্যাম্পাসের ভেতরে সন্ত্রাসী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কার্যক্রম হতে দেখলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাদের আগে পেটাব, তারপর পুলিশে সোপর্দ করব।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
শুভ বলেন, তাদের হাতে আমাদের অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে। গত ১৭টি বছর প্রত্যেকটি ক্যাম্পাসকে তারা অত্যাচারের ক্যাম্পাস হিসেবে রূপান্তরিত করেছিল। ১৭টি বছর বাংলাদেশের আনাচকানাচে, শহর, মহানগর, জেলা ও উপজেলায় লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ৫ আগস্টের পর দেশে যে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, তা বজায় রাখতে এবং বর্তমান সরকারকে সহযোগিতা করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সক্রিয় থাকবে।
তিনি আরও বলেন, এই মাসে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা ষড়যন্ত্রে লিপ্ত কাউকে ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এমন কাউকে পেলে আমাদের জানাবেন। তাদের আগে উত্তম-মধ্যম দেওয়া হবে। আমাদের ভাই-বোনদের রক্তের হিসাব নেওয়া হবে, তারপর তাদের পুলিশের হাতে সোপর্দ করা হবে।
দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘ফাঁসি ফাঁসি, ফাঁসি হবে—খুনি হাসিনার ফাঁসি হবে’, ‘একটা একটা লীগ ধর—ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘আবার কিসের ডিসেম্বর—লীগ ধইরা জেলে ভর’।
আরটিভি/জেএমএ


