
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস সূত্রে জানা যায়, ১৫ দিনব্যাপী এই কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৭ প্রজাতির তিন হাজারের বেশি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে মেহগনি, গামারি, জারুল, বকুল, মহুয়া, অর্জুন, সোনালু, পিতরাজ, চাপালিশ, শিশু, কৃষ্ণচূড়া, গজারী, বহেড়া, নিম ও নাগেশ্বরীসহ বিভিন্ন প্রজাতির গাছ।
উপাচার্য বলেন, গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রোপণের পাশাপাশি প্রতিটি চারার পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলী জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ১৫ দিন ধরে ক্যাম্পাসজুড়ে চারাগুলো রোপণ করা হবে এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণও নিশ্চিত করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ ক্যাম্পাসে সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরটিভি/টিআর


