
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেছেন, চার বছরে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসবেন না। তিনি বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে কি না জানি না। তবে আমার প্রশাসন অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যেতে চায়।
শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
উপাচার্য বলেন, ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসন, ভাসমান ক্যান্টিন, মেডিকেল সেন্টারের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং খুব দ্রুত আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ এই স্টেজে উঠে আমি আবেগাপ্লুত হয়েছি। কারণ, দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে এ পর্যন্ত যত অনুষ্ঠান করেছি, তার মধ্যে আজকের অনুষ্ঠানটি সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করছি।
তিনি আরও বলেন, আমি এমন এক সম্ভাবনাময় তরুণ-তরুণীর সামনে দাঁড়িয়ে আছি, যারা আগামীর বাংলাদেশের কাণ্ডারি। যারা ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরার জন্য প্রস্তুত হতে আমাদের এই ক্যাম্পাসে এসেছে। তোমাদের আগামী দিনের পথচলা সুষ্ঠু ও সুন্দর হোক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খালেদুজ্জুমান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আরটিভি/টিআর




