
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রাবিরতি দেবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। একই সঙ্গে রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করবে রাবি প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
এ সময় সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা মনে করছে, অনুমোদন হওয়ার পর থেকেই ট্রেন যাত্রাবিরতি দেবে। কিন্তু বিষয়টি ভিন্ন। এটি দুই যুগেরও বেশি সময় ধরে বন্ধ আছে। সুতরাং এটি সংস্কার করতে কিছুটা সময়ের প্রয়োজন। সে সময়টুকু আপনারা শিক্ষার্থীসুলভ আচরণ করুন।
তিনি আরও বলেন, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দেবে। গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্যও আমরা আলোচনা করছি। ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাত্রিকালীন ট্রেনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করা হবে।
তিনি শিক্ষার্থীদের অনুরোধ করে আরও বলেন, আপনারা দয়া করে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না এবং সর্বদা শিক্ষার্থীবান্ধব আচরণ করবেন।
উল্লেখ্য, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনটি। শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৬ আগস্ট দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়।
আরটিভি/টিআর




