ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা । ছবি: আরটিভি

সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমতলের আদিবাসী শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উৎসবের দ্বিতীয় দিনে বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসন ভবন প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ওঁরাও সম্প্রদায়ের শিক্ষার্থী এবং বরেন্দ্র অঞ্চল থেকে আসা ওঁরাও সম্প্রদায়ের মানুষ। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, জ্যেষ্ঠ অধ্যাপক ও আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।

শোভাযাত্রা শেষে ওঁরাও সম্প্রদায়ের রীতি অনুযায়ী উলুধ্বনি ও প্রদীপ জ্বালিয়ে উপাচার্যসহ অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে একটি ‘কারাম’ গাছের চারা রোপণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

এ সময় অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ওঁরাও সম্প্রদায় অসামান্য পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অর্থনৈতিক অবদানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়াও অত্যন্ত জরুরি। তা না হলে এ সম্প্রদায় অনেক পিছিয়ে পড়বে।

তিনি বলেন, তাই প্রতিটি সন্তানকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, যাতে সর্বক্ষেত্রে তাদের পদচারণা নিশ্চিত হয়। নিজেদের কখনো প্রান্তিক বা বিচ্ছিন্ন ভাবলে চলবে না। বরং প্রাতিষ্ঠানিক শিক্ষা ও যোগ্যতার শক্তিতে সমাজ ও দেশের মূলধারায় নিজেদের মেলে ধরতে হবে।

কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি শীত কুমার উরাং (খাঁখাঁ) বলেন, মাঠ থেকে ফসল তোলার পর সৃষ্টিকর্তা ও পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং আগামী মৌসুমে ভালো ফলনের আশায় কারাম দেবতার পূজা করা হয়। এ উৎসবের বিশেষ রীতি হলো, উৎপাদিত ফসলের এক-তৃতীয়াংশ নিজেদের খরচের জন্য রেখে বাকি দুই-তৃতীয়াংশ প্রকৃতি ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উৎসবের প্রথম দিনে ধর্মীয় আচার মেনে কারাম গাছের ডাল কেটে এনে অস্থায়ী বেদিতে স্থাপন করা হয়। পরে সেখানে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাতে বেদির চারপাশে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ ও গানের আসর বসে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জলাশয়ে কারাম গাছের ডাল বিসর্জনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, ‘কারাম’ মূলত ওঁরাও সম্প্রদায়সহ সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। ভাদ্র মাসে কৃষি ও প্রকৃতিকে কেন্দ্র করে এ পরব পালিত হয়। প্রকৃতির প্রতীক হিসেবে কারাম গাছের পূজা করে ফসলের সুরক্ষা, পরিবারের সুখ-শান্তি এবং ভাই-বোনের মঙ্গল কামনা করা হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ