
দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২: সেকেন্ড ন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং হরাইজন অব মাইক্রোবায়োলজি’ শীর্ষক জাতীয় সম্মেলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে খাদ্য নিরাপত্তা, নিপাহ ভাইরাস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সসহ অণুজীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণার তথ্য উপস্থাপন করা হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মহামারি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞানীদের গবেষণা গুরুত্বপূর্ণ। এ ধরনের জাতীয় সম্মেলন তরুণ গবেষকদের নতুন চিন্তা ও গবেষণার দিকনির্দেশনা পেতে সহায়তা করবে। আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচিরও প্রশংসা করেন তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, শুধু উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে প্রকাশনার লক্ষ্যে গবেষণা না করে সমাজের বাস্তব সমস্যা চিহ্নিত করে গবেষণার বিষয় নির্ধারণ করা প্রয়োজন। ল্যাবরেটরিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এসব সমস্যার কার্যকর সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেন তিনি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, অণুজীববিজ্ঞানের পরিধি এখন প্রচলিত গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই।
জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে এ শাখার সমন্বয় ঘটছে। নতুন ভাবনা ও গবেষণার আদান-প্রদানের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের সভাপতি ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল বারি, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও আইসিডিডিআর’বির ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট ও প্রধান ড. জিয়াউর রহমান এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা। তারা খাদ্য নিরাপত্তা, নিপাহ ভাইরাস ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে গবেষণালব্ধ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
সম্মেলনে অংশ নেওয়া ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পোস্টার ও মৌখিক উপস্থাপনার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা অণুজীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের গবেষণা ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
অনুষ্ঠানে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. সেলিনা আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি ড. অভিনু কিবরিয়া ইসলাম, অধ্যাপক ড. মো. তানভীর ইসলামসহ অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন, র্যালি, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আরটিভি/এসআর


