
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আর্থিকভাবে অসচ্ছল ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠান ২০২৬ এ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
সংগঠনটির দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একসঙ্গে এতসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘটনা এটিই সর্বোচ্চ।
অনুষ্ঠানে বৃত্তি প্রদানের পাশাপাশি গত এক বছরে সংগঠনটির কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য চলমান বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংগঠনটির সংশ্লিষ্টরা।
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার লক্ষ্য নিয়ে ২০২২ সালে কার্যক্রম শুরু করে ‘উত্তরণ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে পরিচালিত সংগঠনটি বৃত্তি দেওয়ার পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করে আসছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল, দেশনেত্রী খালেদা জিয়া হল, এফ রহমান হল ও শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীরা এ খাদ্যসহায়তা পাচ্ছেন। পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থাও করে সংগঠনটি।
এ ছাড়া রক্তদান কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্যসেবা এবং ‘উত্তরণ টিউশন সেবা’সহ বিভিন্ন শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিফাত খান শিশির বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার অংশ হিসেবে বার্ষিক বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, গত পাঁচ বছরে আমরা প্রায় চার হাজার শিক্ষার্থীকে সেবা দিয়েছি। অসচ্ছল শিক্ষার্থীদের খাবার বাবদ প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএম




