
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; চাকরির জন্য শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে ধারণা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা দিতে ‘নো ইওর এমপ্লয়ার’ শীর্ষক ক্যারিয়ার সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, যোগ্যতা ও আগ্রহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। একই সঙ্গে নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা ও সক্ষমতা প্রত্যাশা করেন, সে বিষয়েও জানতে হবে।’ তিনি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং পরিবর্তিত চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে সেশনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া, ব্র্যাক ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল ও ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার রওনক আরা উপস্থিত ছিলেন।
অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের ইচআর ফিল্ড অপারেশন্সের সিনিয়র ম্যানেজার জয়ন্ত কুমার সরকার এবং ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উত্তরবঙ্গ জোনের আঞ্চলিক প্রধান ফজলুল কবির। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দেন।
ব্র্যাক ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল বলেন, ‘ক্যারিয়ার হাব দক্ষতা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সংযোগ স্থাপনের সেবা এক প্ল্যাটফর্মে দেয়। ২০২০ সালে চালু হওয়া এ প্ল্যাটফর্ম তরুণদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে সহায়তা করছে।’
ব্র্যাকের ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বলেন, ‘দেশের মোট বেকার জনসংখ্যার ৮৩ দশমিক ২ শতাংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী। উচ্চশিক্ষা গ্রহণ করা তরুণদের মধ্যেও বেকারত্বের হার ১৩ দশমিক ১১ শতাংশ। এ পরিস্থিতিতে দক্ষতা উন্নয়ন, কার্যকর ক্যারিয়ার নির্দেশনা ও শ্রমবাজারের সঙ্গে সংযোগ জোরদার করা গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আরটিভি/ এসকেডি


