
ভোরের কুয়াশা ও হালকা শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকালে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, মাঠ ও ভবনসংলগ্ন এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে। ঘাসের ওপর জমছে শিশির। গত কয়েক দিনের তুলনায় ভোরের আবহাওয়ায় শীতলতার অনুভূতিও বেড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পুরাতন কলা ভবন থেকে ‘গাহি সাম্যের গান’ মঞ্চসংলগ্ন সড়কসহ বিভিন্ন স্থানে কুয়াশার উপস্থিতি রয়েছে। কুয়াশার কারণে দূরের ভবন ও গাছপালা কিছুটা আবছা দেখাচ্ছে। কেন্দ্রীয় মাঠের ঘাসেও জমেছে শিশির।
এ সময় কেন্দ্রীয় মাঠে কয়েকজন শিক্ষার্থীকে শরীরচর্চা ও খেলাধুলা করতে দেখা যায়। কেউ কেউ আবার সকালে বাসে ময়মনসিংহ শহরে যাওয়ার জন্য টিএসসির সামনে অপেক্ষা করছেন। দিনের কার্যক্রম শুরুর আগেই ধীরে ধীরে স্বাভাবিক ব্যস্ততায় ফিরছে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন সেলি বলেন, সকালে ক্যাম্পাসে বের হলে এখন শীতের একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। চারদিকে কুয়াশা, ঘাসের ওপর শিশির আর ঠান্ডা বাতাস; সব মিলিয়ে পরিবেশটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। এমন সকালে ক্যাম্পাসের সৌন্দর্য অন্য সময়ের চেয়ে অনেক বেশি ভালো লাগে।
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী হাসান বলেন, শীতের সকালে ঘুম থেকে উঠে ক্যাম্পাসে বের হতে একটু কষ্ট হলেও এই সময়টা আমার বেশ ভালো লাগে। চারপাশে কুয়াশা, ঠান্ডা বাতাস আর শিশিরভেজা ঘাসের মধ্যে হাঁটতে আলাদা প্রশান্তি পাওয়া যায়। তাই সকালের এই সুন্দর পরিবেশ উপভোগ করতে এবং নিজেকে সতেজ রাখতে নিয়মিত বের হওয়ার চেষ্টা করি।
ক্যাম্পাসে ভোরের কুয়াশা, ঘাসে শিশির ও ঠান্ডা বাতাসের উপস্থিতি শীতের আগমনী বার্তা দিচ্ছে। যদিও এখনো শীতের তীব্রতা অনুভূত হচ্ছে না, তবে সকালের আবহাওয়ায় ঋতু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।
আরটিভি/জেএমএ




