
হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. সাহাদত হোসেন।
সেমিনারে বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান।
মূল প্রবন্ধে তিনি হৃদরোগ ও স্ট্রোকের মতো জটিল রোগ প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যকলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত সুস্থতা, শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকারিতা বৈজ্ঞানিক তথ্যের আলোকে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও সক্রিয় জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জনসচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএম




