
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ ‘রিপোর্টার’ তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
র্যাঙ্কিংয়ে অংশ নিলেও মূল র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় সংখ্যাগত অবস্থান পায়নি ডিআইইউ। তবে মূল্যায়নের জন্য শিক্ষা ও গবেষণাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত জমা দেওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে ‘রিপোর্টার’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির র্যাঙ্কিং প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী, যে-সব বিশ্ববিদ্যালয় মূল্যায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত জমা দেয়, কিন্তু চূড়ান্ত সংখ্যাগত র্যাঙ্ক পাওয়ার সব শর্ত পূরণ করে না, তাদের ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়। ফলে এটি মূল র্যাঙ্কিংয়ে কোনো অবস্থান নয়; বরং বৈশ্বিক র্যাঙ্কিং প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়টির অংশগ্রহণের স্বীকৃতি।
এবারের তালিকায় ডিআইইউসহ বাংলাদেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয় ‘রিপোর্টার’ হিসেবে স্থান পেয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো হলো- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে পাঁচটি প্রধান ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। এগুলো হলো শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণার শ্রেষ্ঠত্ব, শিল্পখাতের সঙ্গে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা।
এসব ক্ষেত্রের আওতায় শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণার মান, গবেষণাপত্রের উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়।
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় মূল্যায়নের আওতায় এসেছে।
ডিআইইউর ‘রিপোর্টার’ তালিকায় অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজনীয় শর্ত পূরণ করে মূল র্যাঙ্কিংয়ে অবস্থান পাওয়ার ক্ষেত্রে এ অংশগ্রহণ তথ্য ও উপাত্ত প্রস্তুতির অভিজ্ঞতা হিসেবে কাজে আসতে পারে।
আরটিভি/এসএস



