
শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জাহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি বেসরকারি জীবনবিমা প্রতিষ্ঠানের সঙ্গে করা স্বাস্থ্যবিমা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। তবে অভিযোগ উঠেছে, চুক্তি কার্যকর না থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি সেমিস্টারে এনরোলমেন্টের সময় স্বাস্থ্যবিমার নামে ২৭০ টাকা করে নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে জানা যায়, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করা হয়েছিল। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর নবায়ন করা হয়নি। এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে স্বাস্থ্যবিমা বাবদ অর্থ আদায় অব্যাহত থাকলেও বর্তমানে কোনো বিমা কোম্পানির সঙ্গে কার্যকর চুক্তি না থাকার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, অসুস্থতা বা দুর্ঘটনায় চিকিৎসার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সীমিত পরিসরে সেবা ছাড়া বড় ধরনের চিকিৎসা ব্যয়ে কার্যকর কোনো স্বাস্থ্যবিমা সুবিধা পাওয়া যাচ্ছে না। এমনকি কেউ স্বাস্থ্যবিমার আওতায় চিকিৎসা বা ক্ষতিপূরণ দাবি করলে তাকে জানানো হচ্ছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিমা কোম্পানির চুক্তি নেই। কোনো কোনো ক্ষেত্রে নামমাত্র অর্থ দিয়ে বিষয়টি সামাল দেওয়ার অভিযোগও রয়েছে।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক হাবিপ্রবি শিক্ষার্থীকে ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এ ভর্তি করা হলে তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। এ সময় শিক্ষার্থীর চিকিৎসায় স্বাস্থ্যবিমার অর্থের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে শিক্ষার্থীদের জন্য এ ধরনের কোনো কার্যকর স্বাস্থ্যবিমা চুক্তি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতার চেষ্টা করা হবে বলে জানানো হয়।
জানা যায়, ওই শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রথমে ৫০ হাজার টাকা সহায়তার কথা বলা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ১ লাখ টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সহায়তার অর্থ দেওয়ার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে, স্বাস্থ্যবিমার নামে নিয়মিত অর্থ নেওয়া হলেও কার্যকর বিমা চুক্তি না থাকলে ওই অর্থের ব্যবস্থাপনা ও ব্যবহার কীভাবে হচ্ছে এবং শিক্ষার্থীরা এর বিনিময়ে কী সুবিধা পাচ্ছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য জানতে চাইলে তারা জানায়, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিমা চুক্তি নবায়ন না হওয়ায় তারা দুঃখিত। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিমা পলিসি যাচাই-বাছাই করার উদ্যোগ নিয়েছে। একটি বিশেষ টিম গঠন করে বিভিন্ন কোম্পানির পলিসি ও সুবিধাগুলো পর্যালোচনা করা হবে। শিক্ষার্থীরা যাতে সহজে ও কার্যকরভাবে স্বাস্থ্যসেবা ও বিমাসুবিধা পেতে পারেন, এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে চুক্তি করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
এ ছাড়া শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় কমাতে একটি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গেও চুক্তি করার পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মাধ্যমে হাবিপ্রবির শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন বলে আশা করছে প্রশাসন।
তবে শিক্ষার্থীদের দাবি, নতুন চুক্তির পরিকল্পনার পাশাপাশি গত দুই বছরে স্বাস্থ্যবিমার নামে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে দ্রুত কার্যকর স্বাস্থ্যবিমা চুক্তি সম্পন্ন করে দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার সময় শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিমা শুধু একটি আনুষ্ঠানিক সুবিধা নয়; দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার মতো সংকটময় সময়ে এটি একজন শিক্ষার্থী ও তার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করতে পারে। তাই চুক্তি নবায়ন, সংগৃহীত অর্থের স্বচ্ছতা এবং দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ চান তারা।
আরটিভি/ এসকেডি


