
দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে পাঁচটি স্নাতক প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রোগ্রামগুলো হলো— বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল এবং বিএসসি (অনার্স) ইন ফিশারিজ।
তবে ভর্তি আবেদনের সময়সীমা, আবেদন পদ্ধতি, যোগ্যতা, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসনসংক্রান্ত তথ্য এখনো প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
মেরিটাইম উচ্চশিক্ষায় বিশেষায়িত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের প্রথম বিশেষায়িত মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ২০১৩ সালের ২৭ অক্টোবর সংসদীয় আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি; ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এর নাম পরিবর্তন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য দেশের সামুদ্রিক খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং মেরিটাইম শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া।
‘We Strive for Maritime Excellence’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টি ওশানোগ্রাফি, নেভাল আর্কিটেকচার, অফশোর ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ল, মেরিন ফিশারিজ, পোর্ট ও শিপিং ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে একাধিক প্রোগ্রাম চালু রয়েছে।
কোন বিষয়ে পড়ার সুযোগ
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এবারের পাঁচটি প্রোগ্রাম মেরিটাইম খাতের ভিন্ন ভিন্ন ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করছে।
ওশানোগ্রাফি: সমুদ্রের ভৌত, রাসায়নিক, জীববৈজ্ঞানিক ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং সামুদ্রিক পরিবেশ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এই প্রোগ্রামে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের অধীনে ওশানোগ্রাফি ও মেরিন ফিশারিজসহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা ও গবেষণা পরিচালিত হচ্ছে।
নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং: জাহাজের নকশা, নির্মাণ, অফশোর স্থাপনা ও সামুদ্রিক প্রকৌশল সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এই বিষয়ে পড়াশোনা করে নেভাল আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সাবসিয়া ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস: বন্দর পরিচালনা, শিপিং, লজিস্টিকস, সাপ্লাই চেইন, টার্মিনাল ও ফ্রেইট ফরওয়ার্ডিংসহ সামুদ্রিক বাণিজ্য ব্যবস্থাপনা নিয়ে শিক্ষা দেওয়া হয়। চার বছর মেয়াদি এই প্রোগ্রামে ইন্টার্নশিপসহ বিভিন্ন ব্যবহারিক ও পেশাভিত্তিক কার্যক্রমের সুযোগ রয়েছে।
মেরিটাইম ল' অ্যান্ড পলিসি: সমুদ্র আইন, অ্যাডমিরালটি ও মেরিন কোর্ট, বন্দর ও শিপিং শিল্পের আইনগত বিষয়সহ মেরিটাইম খাতের আইন ও নীতিমালা নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ বিষয়ে স্নাতকরা বিচার বিভাগ, আইন পেশা, শিপিং ও বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারেন।
মেরিন ফিশারিজ: সামুদ্রিক মৎস্যসম্পদ, জলজ সম্পদ ও সংশ্লিষ্ট বৈজ্ঞানিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এই প্রোগ্রামে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের অধীনে মেরিন ফিশারিজ ও অ্যাকুয়াকালচার সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে ক্লাস
আগামী এপ্রিল-২০২৭ সেমিস্টারের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস শুরু হবে। বর্তমানে ঢাকার মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাসে চলা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যায়ক্রমে চট্টগ্রামে স্থানান্তরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রামের হামিদচরে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় প্রায় ১০৬ দশমিক ৬৬ একর জমিতে গড়ে উঠছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দেশের সমুদ্রসীমা ও সামুদ্রিক সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির বিকাশে দক্ষ মানবসম্পদ তৈরিতেও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। শিপিং, জাহাজ নির্মাণ, মৎস্য, অফশোর এনার্জি, সামুদ্রিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
এদিকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি ও পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভর্তি-সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট www.bmu.edu.bd অনুসরণ করতে হবে।
আরটিভি/ এসকেডি


