
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সামুদ্রিক খাতের উন্নয়ন এবং ‘মেড ইন বাংলাদেশ’ লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অষ্টম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো (বিমক্স) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এক্সপোর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য সামুদ্রিক খাতের উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠান ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনে সক্ষমতা বাড়ানো এবং দেশের সামুদ্রিক সম্পদকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। বিমক্সের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী, উপাচার্য এবং ইউরোপীয় প্রতিনিধিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তারা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্যাভিলিয়ন পরিদর্শন করেন। আইসিসিবির হল-২-এর ৪১ থেকে ৪৪ নম্বর স্টলে স্থাপিত প্যাভিলিয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।
এ সময় সামুদ্রিক খাতের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও আন্তর্জাতিক শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব উঠে আসে। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে ধারণা পেতে সহায়তা করে।
বাংলাদেশের সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রেও এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাহাজ নির্মাণ ও মেরামত, সামুদ্রিক পরিবহন, বন্দর ব্যবস্থাপনা, অফশোর প্রযুক্তি এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। এসব খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
আয়োজক প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বিমক্স ২০২৬ চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এতে জাহাজ নির্মাণ, মেরিন ইঞ্জিনিয়ারিং, অফশোর প্রযুক্তি, ড্রেজিং সরঞ্জাম, বন্দর পরিচালনা, জাহাজ মেরামত ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং সামুদ্রিক লজিস্টিকস খাতের বিভিন্ন প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হচ্ছে।
এ আয়োজনে দেশি-বিদেশি সামুদ্রিক শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তির সঙ্গে পরিচিতি, গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ এবং শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও বিমক্সের মতো আয়োজন ভূমিকা রাখতে পারে।
আরটিভি/ এসকেডি


