
শুদ্ধ ও প্রমিত উচ্চারণের চর্চা এবং শিক্ষার্থীদের বাচনভঙ্গি উন্নয়নের লক্ষ্যে রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘প্রমিত উচ্চারণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজের অডিটোরিয়ামে বাংলা বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন, উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মিজানুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রফিকউল্লাহ। এ ছাড়া বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালাটি পরিচালনা করেন দেশের স্বনামধন্য বাচিক শিল্পী *শিমুল মুস্তাফা*। তিনি বাংলা ভাষার শুদ্ধ ও প্রমিত উচ্চারণের বিভিন্ন কলাকৌশল, বাচনভঙ্গি, শব্দের সঠিক প্রয়োগ এবং সাবলীলভাবে বক্তব্য উপস্থাপনের নানা দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা প্রমিত উচ্চারণের ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি নিজেদের বাচনভঙ্গি, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের সুযোগ পান।
আয়োজকরা জানান, শুদ্ধ ও প্রমিত উচ্চারণের চর্চা শুধু ভাষার সৌন্দর্য বাড়ায় না, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও বাচনচর্চাকে শিক্ষার্থীদের মধ্যে আরও বিস্তৃত করার প্রত্যাশা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।
আরটিভি/ এসকেডি




