
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানটির নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নতুন তারিখ ও সময় ঘোষণার অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
আরটিভি/এসএস


