
রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনার লক্ষ্যে ‘ক্যারিয়ার ক্লাব’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন। এতে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোনিয়া রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন বলেন, তোমরা সৌভাগ্যবান যে এমন একটি ক্যারিয়ার ক্লাব পাচ্ছ। শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা পাশে থাকব। এখন থেকে পড়াশোনার পাশাপাশি তোমরা ক্যারিয়ার নিয়েও দিকনির্দেশনা পাবে।
তিনি আরও বলেন, ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সিভি তৈরি, স্পোকেন ইংলিশসহ ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী বলেন, তোমরা এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। গ্র্যাজুয়েশন শেষ করার পর কীভাবে সঠিকভাবে ক্যারিয়ার গড়ে তুলবে, সে বিষয়েও তোমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোনিয়া রহমান বলেন, শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, ক্যারিয়ার গঠনের জন্য সঠিক দিকনির্দেশনাও প্রয়োজন। আর সেই দিকনির্দেশনা তোমরা আমাদের এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে পাবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তোমরা ভাগ্যবতী যে এমন একটি ক্লাব পাচ্ছ। শিক্ষকরা তোমাদের জন্য এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। মেয়েদের জীবন অনেক চ্যালেঞ্জের, তাই এখন থেকেই নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যারিয়ার ক্লাবটি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘স্বপ্নের শুরু হলো আজ’—এই প্রত্যয়কে সামনে রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ভাবনাকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে আয়োজনটি সফল করতে সহযোগিতা করায় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরটিভি/টিআর




