
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ‘নবীনবরণ ও প্রবীণ বিদায়-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আতিকুর রহমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ওবায়দুল হক। আরও বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুন্সি মুর্তজা আলী।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্র, সমাজ ও জনজীবন সম্পর্কে বিশ্লেষণধর্মী চিন্তা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরটিভি/ এসকেডি



