
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পর্যায়ক্রমে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বুধবার (১৮ নভেম্বর) নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত ‘আউটকাম বেজড এডুকেশন: কারিকুলাম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর দ্য ফ্যাকাল্টি অব ফাইন আর্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে এ পরিকল্পনার কথা জানান উপাচার্য।
উপাচার্য বলেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায়, শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া নয়, ফলতে চাওয়া। ঠিক একইভাবে ওবিই কারিকুলামের উদ্দেশ্যও শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে পরিণত করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতোমধ্যে ওবিই কারিকুলাম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব বিভাগেই এটি চালু করা হবে।
তিনি বলেন, চারুকলা একটি বিশেষায়িত বিভাগ এবং এ বিভাগের শিক্ষকেরাও নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ। তাঁদের সেই দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাপ্ত দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম তৈরি করতে সক্ষম হবেন বলে আমি আশা করছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে দুই পর্বে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রথম পর্বে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্নকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর




