
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা সভায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা নিরসন ও আন্দোলনের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’, ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে মতবিনিময় সভায় আন্দোলনের সামগ্রিক পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত কমিটির ক্যাম্পাসে আগমন এবং শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন মতামত ও প্রশ্নের ভিত্তিতে আন্দোলনের বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হয়।
মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ইউজিসির কমিটি আমাদের যে হুমকি দিয়ে গিয়েছেন, এ ধরনের কথাবার্তা বলে আমাদের আন্দোলন কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। বর্তমান সরকার যথেষ্ট ছাত্রবান্ধবও সরকার। কিন্তু আজ দীর্ঘ ৪০ দিন পার হলেও আমরা কোনো ধরনের সাড়া পাচ্ছি না, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, যে অবৈধ সিন্ডিকেট সভার মাধ্যমে ইউজিসির কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির সঙ্গেও আমরা বসেছি। কিন্তু আমাদের প্রতি তাদের আচরণ অত্যন্ত হতাশাজনক ছিল। তারা সরাসরি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নাকি অন্ধকার, এমনকি আমাদের টিস্যু কেনার টাকাও তারা দেবেন না। তাদের এমন বক্তব্যে আমরা আশাহত হয়েছি। এ সমাধান যত দীর্ঘায়িত হবে, আমরা তত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।
আরটিভি/এমএইচজে




