
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা।
সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ, আধুনিক নগর পরিকল্পনায় প্রকৌশলীদের ভূমিকা এবং নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে রুয়েট রিপোর্টার্স ইউনিটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ, মিডিয়া সম্পাদক মারুফ বিল্লাহ রিফাত, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য এ.এস.এম. হাফিজ শাহরিয়ার এবং মো. নূর এ তাসনিম শীষ।
আলোচনায় রুয়েট শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জানান, এবছর রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছিল, এটা প্রতিবছরই থাকবে। ৩০ জন করে শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমি থাকি না থাকি, এটি একবার চালু হয়েছে, চলমান থাকবে।’ পাশাপাশি তিনি রুয়েট শিক্ষার্থীদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ইতিমধ্যে প্রথম ব্যাচে রুয়েটের ১৮ জন শিক্ষার্থী রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। রাসিক প্রশাসকের উদ্যোগে চালু হওয়া এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্ব তুলে ধরেন প্রশাসক মাহফুজুর রহমান। এদিকে ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথমবারের মতো এ সুযোগ পেয়ে আনন্দিত।
সাক্ষাৎকালে আধুনিক নগর পরিকল্পনায় প্রকৌশলীদের অবদান ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ফ্যাসিস্ট আমলে রুয়েট ক্যাম্পাসে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, পাবলিক টয়লেট এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের ব্যস্ত সড়কে থাকা স্পিড ব্রেকার নিয়ে কথা বলেন প্রতিনিধিরা। নগরীর অবকাঠামো ও নাগরিক সুবিধার সঙ্গে এসব বিষয় কীভাবে সম্পৃক্ত, তা আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। ঐ বৈঠকে রাজশাহী নগরীর উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি গঠন এবং রাসিক ও রুয়েটের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সে সময় রুয়েট শিক্ষার্থীদের জন্য সিটি কর্পোরেশনের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রাজশাহী সিটি কর্পোরেশন নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে রুয়েট শিক্ষার্থীদের সংযুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব নগর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি পেশাগত দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরটিভি/ এসকেডি




