
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় তার কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা চুয়েটে চলমান আন্দোলনের বিভিন্ন দিক ও প্রেক্ষাপট তুলে ধরেন।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আন্দোলনের প্রশংসা করেন রুহুল কবির রিজভী। কোনো ধরনের অরাজকতা ছাড়াই আন্দোলন পরিচালনার জন্য তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। পাশাপাশি, ঢাকায় ফিরে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি।
এ বিষয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, আজ দুপুরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট উপাচার্য পুনর্বহালের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি উনার মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির আলোকে সিদ্ধান্ত নিবেন এবং চুয়েটের সকল স্বাভাবিক কার্যক্রম খুব দ্রুত ফিরিয়ে আনবেন।
উল্লেখ্য, এর আগে আন্দোলন চলাকালে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছেও স্মারকলিপি প্রদান করেছিলেন শিক্ষার্থীরা।
আরটিভি/জেএমএ


