
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন। এ আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দ-উচ্ছ্বাস। তবে সমাবর্তনের প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। দীর্ঘদিন ধরে টিএসসির কক্ষ বরাদ্দ না পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন সংগঠনগুলোর সদস্যরা। এ পরিস্থিতিতে সমাবর্তনের আগেই সংগঠনগুলোকে টিএসসির কক্ষ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ক্যাম্পাসে গড়ে উঠেছে প্রায় ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধার অভাবে এসব সংগঠনের অধিকাংশের কার্যক্রম বর্তমানে অনেকটাই নিষ্ক্রিয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংগঠনগুলোর জন্য নির্দিষ্ট কোনো আর্থিক বরাদ্দ নেই। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নেই পৃথক কার্যালয় বা কক্ষ। ফলে নিয়মিত সভা, পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছে সংগঠনগুলোর সদস্যদের।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে সংগঠনগুলোর জন্য স্থায়ী কার্যালয় নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে টিএসসির অব্যবহৃত কক্ষগুলো সংগঠনগুলোর মধ্যে বরাদ্দ দেওয়া হলে তাদের কার্যক্রমে নতুন গতি আসবে। তাই দ্রুত সময়ের মধ্যে বিদ্যমান সংগঠনগুলোর জন্য টিএসসির কক্ষ বরাদ্দের দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কক্ষ প্রয়োজন, বিষয়টি আমিও স্বীকার করি। তবে কিছু জটিলতার কারণে এখনো কক্ষগুলো বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত সময়ের মধ্যে কক্ষগুলো বরাদ্দ দেওয়া যায়।
সব সংগঠনকেই কক্ষ বরাদ্দ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে নামে-বেনামে অনেক সংগঠন রয়েছে। তবে, হাতেগোনা কয়েকটি সংগঠনের কার্যক্রমই চোখে পড়ার মতো। আমার মতে, তারাই কক্ষ বরাদ্দ পাওয়ার দাবিদার। শুরুতেই সব সংগঠনকে কক্ষ বরাদ্দ দেওয়া হবে না। সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে টিএসসিতে কক্ষ বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি আগামী বছরের মার্চ মাসে সমাবর্তনের আগেই যেন সংগঠনগুলোকে কক্ষ বরাদ্দ দিতে পারি।
আরটিভি/এমএম




