
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে মঙ্গলবার (১০ নভেম্বর) নিয়মিত পাঠদান ও পরীক্ষা কার্যক্রমের অবস্থা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত দায়িত্বে থেকেও কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না, থাকলে ছুটি নিয়েছিলেন কি না—সে বিষয়েও বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগগুলোর চেয়ারম্যানদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর কথা বলা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মঙ্গলবারে (১০ নভেম্বর) রুটিন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করে জানাতে হবে। পাশাপাশি ওই দিনের ক্লাস ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকদের মধ্যে কেউ অনুপস্থিত ছিলেন কি না, সেটিও উল্লেখ করতে হবে।
কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তিনি যথাযথ নিয়মে ছুটি নিয়েছিলেন কি না, সে সংক্রান্ত তথ্যও প্রশাসনের কাছে পাঠাতে হবে। অর্থাৎ, নির্ধারিত শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষকদের উপস্থিতির বিষয়টিও যাচাই করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্দেশনা অনুযায়ী, চাওয়া তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে। উপাচার্যের নির্দেশক্রমে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
আরটিভি/জেএমএ


