
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যেও বিভিন্ন হুঁশিয়ারিমূলক স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে সোহরাওয়ার্দী মোড়, এ এফ রহমান হল ও আলাওল হল প্রদক্ষিণ করে ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আসতে চাইলে শেখের বেটি, ফাঁসির দড়ি আছে রেডি’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
সমাবেশে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় ঘেউ ঘেউ করছে। প্রতিষ্ঠার পর থেকেই তারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের পতনের মধ্য দিয়ে যে বিদায় নিশ্চিত হয়েছে, তা তারা ভুলে গেছে।
তিনি বলেন, ছাত্রদল প্রতিশোধপরায়ণ সংগঠন নয়। তবে এটিকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। কাদের বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে সারা দেশের ৫০ লাখ নেতাকর্মী মারা পড়বে। কিন্তু আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের পরও ছাত্রদলের জাতীয়তাবাদী নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি। এটিকে দুর্বলতা ভাববেন না, ঘুমন্ত বাঘকে জাগ্রত করবেন না। গুটিকয়েক যারা ঘেউ ঘেউ করছে, বাংলাদেশে কোথাও তাদের অস্তিত্ব থাকবে না। ক্যাম্পাসে ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনের ওপর যে নির্যাতন-নিপীড়ন হয়েছে, তার সিকি ভাগও যদি প্রতিশোধ নেওয়া হয়, তাহলে দেশ ও দেশের বাইরে তাদের অস্তিত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, এ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকার। এ সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন, জুলাইয়ের পক্ষের শক্তি ছাত্রদল বসে বসে আঙুল চুষবে না। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জনগণ রায় দিয়ে সরকার গঠন করেছে। এ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা মোকাবিলা করতে ছাত্রদল প্রস্তুত।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এমন অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন, যাদের আশ্রয়-প্রশ্রয়ে এখানে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচি আয়োজনের পাঁয়তারা চলছে। বিগত ১৭ বছরে এ ক্যাম্পাসে অনেক নৈরাজ্য সৃষ্টি করেছেন, অন্যায়-অত্যাচার করেছেন। সবকিছুর মাশুল একসঙ্গে নেওয়া হবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন, সবাই সজাগ থাকবেন। হাসিনা আসবে, এটা দুঃস্বপ্ন। শেখ হাসিনা যেদিন আসবেন, সেদিন ছাত্রসমাজ ১৭ বছরের প্রতিশোধ নেবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি


