
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, আগামী ২ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম। ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে নির্ধারিত সূচির ভর্তি পরীক্ষা।
প্রকাশিত নির্দেশিকায় ইউনিট ও উপ-ইউনিটভিত্তিক আসনসংখ্যা, আবেদনের ন্যূনতম যোগ্যতা, পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন, পাস নম্বর এবং মেধাতালিকা প্রণয়নের নিয়ম উল্লেখ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
নির্দেশিকা অনুযায়ী, ২ জানুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ৩ জানুয়ারি সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, ৫ জানুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিট, ৭ জানুয়ারি ‘বি-১’ উপ-ইউনিট, ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিট, ৯ জানুয়ারি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, ২০২২ অথবা ২০২৩ সালে মাধ্যমিক এবং ২০২৪ অথবা ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
‘এ’ ইউনিটে প্রথমবারের আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হবে। ২০২৩ সালে মাধ্যমিক ও ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ০০।
‘বি’ ইউনিটে বিভাগভেদে প্রথমবারের আবেদনকারীদের ন্যূনতম জিপিএ ৭ দশমিক ০০ থেকে ৭ দশমিক ৫০ এবং দ্বিতীয়বারের আবেদনকারীদের ৬ দশমিক ৫০ থেকে ৭ দশমিক ০০ নির্ধারণ করা হয়েছে। ‘সি’ ইউনিটে প্রথমবারের আবেদনকারীদের ক্ষেত্রে বিভাগভেদে ন্যূনতম জিপিএ ৭ দশমিক ৫০ থেকে ৮ দশমিক ০০ এবং দ্বিতীয়বারের আবেদনকারীদের ন্যূনতম জিপিএ ৭ দশমিক ০০ থেকে ৭ দশমিক ৫০ থাকতে হবে।
অন্যদিকে, ‘ডি’ ইউনিটে প্রথমবারের আবেদনকারীদের ন্যূনতম জিপিএ ৮ দশমিক ০০ এবং দ্বিতীয়বারের আবেদনকারীদের ৭ দশমিক ৫০ নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত ভর্তি নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।
পরীক্ষার নম্বর বণ্টন ও পাস নম্বর
নির্দেশিকা অনুযায়ী, অধিকাংশ ইউনিটে ১০০ নম্বরের বহুনির্বাচনী পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ইংরেজিতে ২৫ এবং পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান থেকে যেকোনো তিনটি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগভিত্তিক পৃথক নম্বর বণ্টন নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় সাধারণভাবে পাস নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য নির্ধারিত নম্বর কাটা হবে। এ ছাড়া দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তনের বিধান রাখা হয়েছে।
ব্যবহারিক পরীক্ষার বিধান
‘বি-১’ উপ-ইউনিটের নাট্যকলা, চারুকলা ও সংগীত এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিষয়ে ভর্তির জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
মেধাতালিকা ও ভর্তি কার্যক্রম
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। সমান নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্দেশিকায় নির্ধারিত বিষয়ভিত্তিক নম্বর ও অন্যান্য শর্ত অনুসরণ করে মেধাক্রম নির্ধারণ করা হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগ থেকে জানা যাবে। ভর্তি কার্যক্রমে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হেল্প ডেস্কের ব্যবস্থাও রাখা হয়েছে।
আরটিভি/জেএমএ


